জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করতে হবে



বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিএনপি নেতা ফজলে হুদা আকন্দ বাবুল বলেছেন, বর্তমান সরকার স্কুল-কলেজকে দুর্নীতিগ্রস্ত করে শিক্ষার মেরুদন্ড ভেঙে দিয়েছে। সকল দপ্তরে সরকারের দুর্নীতি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। যা দেশের জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছে। এ সরকারের দুর্নীতি জোরজুলুম রুখতে হলে জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করতে হবে। গতকাল মঙ্গলবার সকালে নওগাঁর বদলগাছীতে প্রস্তাবিত ষ্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও বিএনপির তৃণমূল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তফা অলি আহম্মেদ রুমি চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার (টগর), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম জাকিতুলাহ, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি চৌধুরী টিপু, বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আল এমরান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান এমএম গফুর, মহাদেবপুরের ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুস সাত্তার মাষ্টার, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জাকির চৌধুরী। এছাড়াও বিএনপি নেতা কাজী বেলাল হোসেন, আশরাফুল ইসলাম, আব্দুল আজিজ, মোশাররফ হোসেন, রবিউল আলম বুলেট, সুলতান মামুনুর রশিদ, সামজ্জোহা মিলন, ডা. আজিজুল আলম বকুল, ফিরোজ আলম, আব্দুর রাজ্জাক, রবিউল হাসান, মেসবাউল হক রাজা ও আহসান হাবীব লিটন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে বিএনপি থেকে এমপি প্রার্থী হিসেবে ফজলে হুদা আকন্দ বাবুল এর বিকল্প নেই। তাই তাকে মনোয়ন দিয়ে বিএনপির ঘাঁটি এই আসনটিকে পুনরুদ্ধারের জন্য বেগম খালেদার জিয়াসহ দলের নীতি-নির্ধারকদের প্রতি আহবান জানান।

খবর : করতোয়া